বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি ( বুধবার ) বিকালে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং চিলা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও অসংখ্য সাধারণ ভোটার ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।
জনসভায় প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। আমি যদি নির্বাচিত হতে পারি দক্ষিণ অঞ্চলে কোনো প্রকার চাঁদাবাজি, ঘের দখল, মাদক ব্যবসা, কোনো অন্যায় হতে দেব না। ১৩ তারিখ থেকে দল মত নির্বিশেষে সকলেই তাদের বাড়িতে ফিরে আসবে একসাথে শান্তিতে বসবাস করবে। কেহ অন্যায় করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। সে যে কোনো দলের হোক না কেনো। আমি অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করবো এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, বিএনপি নেতা হালিম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ মোঃ কাজল খাঁনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার।
উল্লেখ্য, আজকের জনসভায় জামায়াতে ইসলামী ও অন্যান্য দল থেকে ৩০ জন নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।